মালদা

নিজের বিয়ের বউভাতে রক্তদান শিবিরের আয়োজন করলেন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক

স্বপ্ন ছিল বিয়েতে স্বেচ্ছা রক্তদান শিবির করার, যা আজ পূরণ হল। বামনগোলা ব্লকের বামনগোলা গ্রাম পঞ্চায়েতের মানুলী গ্রামে বিবাহ অনুষ্ঠান উপলক্ষে পারিবারিক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হল মালদা জেলা শাখা ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর উদ্যোগে। এই রক্তদান শিবিরে মহিলা-পুরুষ সহ ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সদস্য অনিল সাহা সহ অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিরা।

        পাত্র সুরজিৎ মণ্ডল জানিয়েছেন, তিনি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন এবং দীর্ঘদিন ধরে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস-এর সাথে যুক্ত। তার বহুদিনের স্বপ্ন ছিল তার বিবাহের বউভাতের দিন রক্তদান শিবির অনুষ্ঠান করবেন। আজ তাঁর সেই স্বপ্ন সফল হওয়ায় খুশি তিনি। 

        নববধূ মৃদুলা রায় জানিয়েছেন, পারিবারিক স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হওয়ায় খুশি তিনি।